প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে। এই আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।
কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এ শুনানি গ্রহণ করছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সোমবার (১২ জানুয়ারি ) শুনানির তৃতীয় দিনে ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে জানান, তৃতীয় দিনে মোট ৭১টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর এবং ২৫টি নামঞ্জুর করা হয়েছে। এ ছাড়া চারটি আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে এবং পাবনা-২ আসনের একটি আপিলের শুনানি হয়নি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন দিনে আপিল শুনানি শেষে মোট ১৫০ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে প্রথম দিন ৫১ জন (৫২টি মঞ্জুর হলেও ১টি ছিল বিপক্ষের আপিল), দ্বিতীয় দিন ৫৮ জন এবং তৃতীয় দিন ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
Copyright © 2026 All rights reserved.